করোনা পরিস্থিতিতে কাটোয়ায় কম বাজেটের কার্তিক পুজো থিমের রমরমা
করোনা গাইডলাইন মেনে কার্তিক পুজো শুরু হল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। করোনা আবহে প্রায় প্রতিটি পুজো কমিটির বাজেটে কিছুটা কাটছাঁট করতে হয়েছে তবে কম টাকার মধ্যে থিম পুজোর চমক নজর কাড়ছে। কাটোয়ায় বেশ কয়েকটি পুজো কমিটি থিমের পুজো করেছে। আর থিমের মধ্যে উঠে এসেছে এই অতিমারী পরিস্থিতির কথা। কাটোয়ার কাছারিপাড়ার ঝংকার ক্লাবের কার্তিকপুজোর থিম কাজ হারানো পরিযায়ী শ্রমিক ও লকডাউনে বন্দি শ্রমজীবী মানুষদের সমস্যার কথা। কাটোয়ার বারোজীবী পল্লির ইয়ং বয়েজ ক্লাবের কার্তিকপুজোর থিম করোনাযোদ্ধাদের প্রতি সন্মানজ্ঞাপন। এই ক্লাবের সম্পাদক উৎপল পাল বলেন, "আমরা প্রতিবছর কার্তিকপুজোয় ৬ - ৭ লক্ষ টাকা বাজেট রাখি।
যদিও এবছর বাজেট মাত্র ৭০ হাজার টাকা।“ কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকার বিদ্যাসাগর সংঘের এবছরের আকর্ষণ মেয়াদ উত্তীর্ণ প্যারাসিটামল ট্যাবলেট দিতে তৈরি কার্তিক।মণ্ডপ তৈরি হয়েছে আইসক্রিমের কাঠি দিয়ে। কেন কার্তিকপুজোয় এমন ভাবনা? বিদ্যাসাগর সংঘের সম্পাদক অভিজিৎ পোদ্দার সাংবদিককে বলেন, "এই অতিমারী পরিস্থিতির মধ্যে আমাদের অনেকের বাড়িতে জ্বরে আক্রান্ত হয়েছেন অনেকেই। হয়ত করোনা নয়। তবু ডাক্তার দেখানোর সুযোগ পাইনি আমরা অনেকেই।তখন আমাদের ভরসা করতে হয়েছে প্যারাসিটামল ওষুধের ওপর।তাই আমরা এই ওষুধকে গুরুত্ব দিয়ে মেয়াদউত্তীর্ন ট্যাবলেট দিয়ে কার্তিক করেছি।" পানুহাটের নিউ আপনজন ক্লাবের পুজোয় উঠে এসেছে সচেতনতার বার্তা।কাটোয়ার থানা রোডের সবুজপাতা সংঘের থিম কেদারনাথ মন্দির। আয়োজকরা জানান করোনার জন্য ভ্রমণ বন্ধ। তাই ভ্রমণপিপাসু মানুষদের সান্ত্বনা দিতে কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ করা হয়েছে। কার্তিক লড়াই বন্ধ তাতে কি। থিম পুজো হচ্ছে। তবে অন্যবারের তুলনায় অনেকেটাই বাজেট কম।
তবে দর্শনার্থীদের আকর্ষণীয় করতে থিমের ঘাটতি নেই। কার্তিক পুজোটা হচ্ছে, তাও স্বাস্থ্য বিধি মেনে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগেই পুজো কমিটি গুলির সঙ্গে বসে ঠিক করা হয়েছিল যে শোভাযাত্রা হবে না। কার্তিক লড়াই যা দীর্ঘদিনের ঐতিহ্য তাও এবার বন্ধ রাখা হয়েছে করোনা সংক্রমনের কথা মাথায় রেখে। তবে কার্তিক পূজার যা রীতিনীতি রয়েছে সেই সব কিছু মেনে পুজো হচ্ছে। যথাসম্ভব খোলা মণ্ডপ তৈরি করা হয়েছে। একসঙ্গে অনেক দর্শককে মণ্ডপের ভেতর ঢুকতে দেয়া হচ্ছে না এবং স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। সব মিলিয়ে করোনা সতর্কতা মেনে কার্তিক পুজো সোমবার থেকে শুরু হয়ে গেল কাটোয়ায়।

Post a Comment